বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেছেন, কারো দয়া দাক্ষিণ্যে নয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তাই বাংলাদেশের বিরুদ্ধে কোথায় কে, কী করলো তাতে আমাদের কিছু আসে যায় না। কারো রক্তচক্ষুকে ভয় পাই না মন্তব্য করে তিনি বলেন, আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দেশের স্বাধীনতা রক্ষা করবে।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হরিজন সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী ও ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় বুলু বলেন, আমার চাই সহাবস্থান ও সু-প্রতিবেশী। আমাদের নীতি হলো- কারো সঙ্গে শক্রতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। সেই সম্পর্ক রেখে চলতে চাই। বাংলাদেশ কোনো উগ্র দেশ নয়। এই দেশের মানুষ অসাম্প্রদায়িক ও উদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।