মুক্তিপণে ছাড়া পেলেন বান্দরবানে অপহৃত ২৫ রাবার শ্রমিক

বান্দরবানের দুর্গম পাহাড় থেকে অপহৃত ২৫ রাবার শ্রমিক ছাড়া পেয়েছেন। স্বজনদের ভাষ্য, মুক্তিপণ দেওয়ার পর সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিয়েছে। তারা বর্তমানে ঈদগাও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের কক্সবাজারের ঈদগাও সীমানায় ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

এর আগে ১৫‌ফেব্রুয়ারি গভীর রাতে জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃতের এক স্বজন জানান, ১০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে সকালে ওই অপহৃতদের ছেড়ে দেওয়া হয়। তার আগে সোমবার সন্ধ্যায় একজনকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

বান্দরবান পু‌লিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ব‌লেন, সকা‌লে অপহৃত শ্রমিকরা সবাই ফি‌রে  এসে‌ছেন ব‌লে শু‌নে‌ছি। তারা নিজ নিজ বা‌ড়ি‌ ফি‌রে গে‌ছেন।

এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম দিকে দুই দফায় ১০ জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে অপহৃতরা মুক্তি পান।