কক্সবাজার সমুদ্র সৈকতে ছবি তুলতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী। তাদের উদ্ধারে খোঁজ চলছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ছয়টার দিকে জেলা সদরের হিমছড়ি জাদুঘরের সমানের সৈকতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা নাম সাদমান রহমান সাবাব। তার বাড়ি ঢাকার মিরপুরে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের বাড়ি বগুড়ায় বলে জানা গেছে। তারা তিন জনই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। থাকেন শহীদ মো. ফরহাদ হোসেন হলে।
কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনার বিস্তারিত জানানো যাবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী একাত্তরকে বলেন, সোমবার রাতে প্রথমবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন ও তাদের আরও দুই একজন বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে যায়। প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ায় নিজ উদ্যোগেই তারা সেখানে যায়। সকালে সমুদ্রে নেমে তিন জন হারিয়ে যায়। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। অন্যরা এখনও নিখোঁজ। উদ্ধারে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা অভিযান চালাচ্ছেন৷
তিনি বলেন, সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। পরিবারগুলোতে খবর দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি থেকে আমি এবং বিভাগের পক্ষ থেকে বিভাগের চেয়ারম্যানসহ সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদেরও টিম পাঠানো হয়েছে।