চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তরে এক সঙ্গে কাজ করবে চসিক ও জিপি

চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী গ্রামীণফোনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) চসিক কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। 

এ সময় চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সহযোগিতার মাধ্যমে চসিক এবং গ্রামীণফোন যৌথভাবে স্মার্ট সিটি সেবার পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়নে কাজ করবে, যা নাগরিকদের জন্য দক্ষতা, স্বচ্ছতা এবং অংশগ্রহণ বাড়াবে। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই পার্টনারশিপ আধুনিক প্রযুক্তির মাধ্যমে শহরের সেবা উন্নত করবে, স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং নাগরিকদের জন্য সুবিধা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, গ্রামীণফোনের সঙ্গে মিলে দেশে স্মার্ট সিটি সমাধানের একটি মানদণ্ড স্থাপন করা এবং নাগরিকদের জন্য দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য সেবা প্রদানই তাদের লক্ষ্য।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ডিজিটাল উদ্ভাবন শহরের সেবা ব্যবস্থাকে রূপান্তর করতে পারে। এই সহযোগিতা চট্টগ্রামকে আরও স্মার্ট ও সংযুক্ত শহরে পরিণত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তি ও সংযোগ কাজে লাগিয়ে তারা এমন একটি শহর গড়তে চান, যেখানে নাগরিকরা স্বাস্থ্যকর, সুখী ও নিরাপদ জীবনযাপন করতে পারবেন এবং দেশে স্মার্ট সিটি গড়ার যাত্রা শুরু হবে।

এই উদ্যোগের মাধ্যমে চসিক ও গ্রামীণফোন একটি ভবিষ্যৎ-উপযোগী চট্টগ্রাম গড়ার ভিত্তি স্থাপন করছে, যেখানে প্রযুক্তি মানুষের জীবনমান উন্নত করবে, দক্ষতা বাড়াবে এবং সুশাসন নিশ্চিত করবে।