যারা ভোটের মাঠ উত্তপ্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন

গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। 

এসময় সালাহউদ্দিন বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তা নিয়ে জামায়াতে ইসলামী দেশে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সরকার, নির্বাচন কমিশন দেখবে। প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, কিন্ত এসব নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা। 

হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের উত্তরণের জন্য অপেক্ষা করছে। যদি কেউ নির্বাচনী মাঠ উত্তপ্ত করতে চায়, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি জানান, বিএনপির পরিকল্পনা আছে, সেই  পরিকল্পনা নিয়ে দল আগাচ্ছে। অন্যদিকে, জামায়াত ধর্মের ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।