কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে সেনা অভিযানে রোহিঙ্গা সলভেশন আর্মির (আরসা) সক্রিয় এক কমান্ডারসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলার উখিয়া উপজেলার এক নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সেনাবাহিনী।
গ্রেপ্তাররা আরসার কমান্ডারের নাম জাহিদ হোসেন লালু। অন্য দুই জনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনী জানায়, সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ অভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এক পর্যায়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মারের ঘনিষ্ঠ সহযোগী জাহিদ হাসান লালুসহ তিন জনকে আটক করে।
সেনাবাহিনী জানায়, আরসা কমান্ডার জাহেদ হোসেনের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো। ২০২১ সালে এফডিএমএন ক্যাম্প-১৮-এ মাদ্রাসায় হামলায় ছয় শিক্ষক হত্যাকাণ্ড, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাসহ একাধিক নৃশংস ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী তৎপরতা দমন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।