মানিকছড়িতে পাহাড়খেকোদের মচ্ছব, গত এক বছরে ৫০ পাহাড় সাবাড়

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কোনোভাবেই থামানো যাচ্ছে না পাহাড়খেকোদের আগ্রাসন। ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে’ দিন-রাত চলছে পাহাড় ধ্বংসের মচ্ছব। গত এক বছরে এই অঞ্চলে অন্তত ৫০টি পাহাড় সাবাড় করেছে একটি প্রভাবশালী চক্র। সর্বশেষ  রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটায় জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে খাড়িছড়া এলাকায় বিস্তীর্ণ জায়গাজুড়ে বেশ কয়েকটি পাহাড় কেটে সমতল করছিলো মো. মনির হোসেনসহ একটি চক্র। খাগড়াছড়ির এই জনপদে গত এক বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় নিধন করেছে এই চক্রটি। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিচ্ছিন্ন তৎপরতা চালানো হলেও পাহাড়খেকোদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, ঘটনাস্থলে বেশ কয়েকটি পাহাড় কাটার স্পষ্ট আলামত পাওয়া গেছে। আমরা দুটি স্কেভেটর জব্দ করেছি। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পাহাড় নিধনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দারা জানান, কেবল সরঞ্জাম জব্দ করে এই ধ্বংসযজ্ঞ থামানো সম্ভব নয়। নিয়মিত তদারকি ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অবশিষ্ট পাহাড়গুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে।