ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিন সদস্য।
সোমবার (১১ মে) বিকেলে জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন— মালেক, রাশেদ ও কাজল। তারা র্যাব-৯-এর গোয়েন্দা শাখার সদস্য।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে র্যাবের ওই তিন সদস্য খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান। এ সময় ওই গ্রামের চিহ্নিত ডাকাত ‘শফিক বাহিনী’র সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে মারপিট করা হয়। হামলায় এক র্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারপিটের ঘটনা এবং ডাকাত শফিক বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা হামলার শিকার হন।
কোম্পানি কমান্ডার আরও জানান, আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় সেলাই লেগেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।