নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (৮ জুন) বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বায়তুন নূর জামে মসজিদের সামনে একটি চেকপোস্টে থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. রাহিম (২১)। তিনি গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, রাহিম স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাৎক্ষণিক তা যাচাই করা যায়নি।
পুলিশ জানায়, বিকেলের দিকে ওই সড়ক দিয়ে একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় রাহিমের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ সিগন্যাল দিয়ে তার মোটরসাইকেলটির গতিরোধ করে। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসঙ্গতি ও সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তার শরীরে তল্লাশি চালান। একপর্যায়ে তার কোমরে গোঁজা অবস্থা থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, অস্ত্র বহনের দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি জানান, উদ্ধার অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো দিয়ে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিলো কি না, তা খতিয়ে দেখতে রাহিমকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।