ফুটবল বিশ্বকাপ উপলক্ষে লক্ষ্মীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে মাথায় রিভলবার দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।
সোমবার (৮ জুন) বিকেলে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জুন) সকালে এ তথ্য জানান চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম।
আহত তরুণের নাম আজাদ হোসেন। তিনি তুলাগাছতলা এলাকার বাসিন্দা। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। অভিযুক্তের নাম রিফাত হোসেন। তিনিও একই এলাকার বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করে বলেন, কয়েকজন বন্ধু মিলে আর্জেন্টিনার একটি পতাকায় নিজেদের ছবি যুক্ত করে টানাতে গিয়েছিলাম। কিন্তু ব্রাজিল সমর্থক রিফাত আগে থেকেই আমাদের পতাকা না টানানোর জন্য হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন বিকেলে কোনো ধরনের বাগ্বিতণ্ডা ছাড়াই রিফাত হঠাৎ আমার ওপর হামলা চালায় এবং একপর্যায়ে তার কাছে থাকা রিভলবার দিয়ে আমার মাথায় আঘাত করে।
তবে মারধর ও অস্ত্র প্রদর্শনের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রিফাত হোসেন। তিনি দাবি করেন, আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচার চালাতে চেয়েছিলো, আমরা শুধু সেটির প্রতিবাদ করেছি। নিজের কাছে রিভলবার থাকার কথাটিও তিনি মিথ্যা বলে দাবি করেন।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম বলেন, রিভলবার দিয়ে আঘাতের বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।