খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
বুধবার (১৭ জুন) বিকেলে রামগড় উপজেলার লামকোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর, নিবিড় ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রাথমিকভাবে রামগড় উপজেলার ৪৫৬টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হলেও পর্যায়ক্রমে খাগড়াছড়ি জেলার অন্যান্য এলাকাতেও এর কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।