ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত তিন

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া থেকে একাত্তরের নিজস্ব প্রতিনিধি জানান, জেলার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকালে চারগাছ এলাকার একটি ইট বিক্রির প্রতিষ্ঠান থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছের দিকে আসছিলো। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহত চালক ও হেলপারকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ থেকে একাত্তরের নিজস্ব প্রতিনিধি জানান, জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে। সে স্থানীয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহানুর আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তীর্থ বিশ্বাস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তীর্থ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।