কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে বিস্ফোরণ, ছয় নাবিক দগ্ধ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা এফভি ‘দেশ ফিশিং’ নামের একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর আগুন লেগে গেছে। এতে জাহাজে কর্মরত ছয়জন নাবিক দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে নদীর ওই অংশে নোঙর করে রাখা অন্য জাহাজের স্টাফ ও স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে দগ্ধরা হলেন— জাহাজের ইঞ্জিন কক্ষে কর্মরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে কর্মরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

চট্টগ্রাম নৌ পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গভীর সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এসে নোঙর করা ছিলো। দুপুর পৌনে একটার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজের ভেতরে দায়িত্ব পালনরত ওই ছয়জন নাবিক দগ্ধ হন।

পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

এদিকে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির এ ঘটনায় বিকেলে এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বাদি হয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ।