বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির সরকার জনগণের সরকার। জনগণের বিপদে-আপদে সব সময় পাশে থাকা বিএনপির অঙ্গীকার এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দল ও সরকার মানুষের পাশে থাকবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঘর নির্মাণ ও গৃহস্থালি উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণসামগ্রী তুলে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সঠিক জরিপ ও তালিকা তৈরি করে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য তাদের জরুরি ভিত্তিতে কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। সাধারণ ও দরিদ্র মানুষের যাতে কষ্ট না হয়, সে বিষয়টি মাথায় রেখেই সরকার একটি দরিদ্রবান্ধব বাজেট দিয়েছে।
কৃষি উৎপাদন সচল রাখা এবং ভবিষ্যৎ ক্ষয়ক্ষতি এড়ানোর ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কৃষি উৎপাদন যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও মেরামতের ব্যবস্থা নিচ্ছে সরকার। পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে বন্ধ খালের মুখ খুলে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত স্লুইসগেটগুলো পুনঃনির্মাণ ও মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে।
দিনব্যাপী পেকুয়া ও মাতামুহুরি উপজেলার বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে আজ রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।