টেকনাফে যৌথ অভিযানে জি-৩ রাইফেলসহ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরে কোস্ট গার্ড জানতে পারে, টেকনাফ থানাধীন দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ের ভেতরে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে ভোর পাঁচটার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও স্থানীয় থানা-পুলিশের যৌথ দল পাহাড়ে অভিযান চালায়।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ি গহিন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি ধারালো দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি ও এক লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

এর আগে, গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আটটার দিকে টেকনাফের সাবরাং এলাকায় কোস্ট গার্ডের আরেকটি টিম বিশেষ অভিযান চালায়। অভিযানে সাবরাং এলাকার একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।