জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের জীবন দেওয়ার পরও যদি একজনকে এভাবে গুলি করে হত্যা করা হয়, তবে বুঝতে হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিক, মুসল্লি ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমাদের দল ও মত আলাদা হতে পারে, কিন্তু বিবেকের জায়গায় আমরা সবাই এক। সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় এবং ভালোকে ভালো বলার সৎসাহস আমাদের রাখতে হবে। একইভাবে মিথ্যা, অন্যায় ও জুলুমকে অন্যায়-জুলুম বলার সাহসও থাকতে হবে।
ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শুধু পরিচিত বা আলোচিত ঘটনার বিচার নয়, একজন অটোচালক, কৃষক কিংবা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হলেও রাষ্ট্রকে তার বিচার নিশ্চিত করতে হবে। যে যে পেশা, দল বা ধর্মেরই হোক না কেন—অন্যায় হলে রাষ্ট্রকে ন্যায়বিচার বুঝিয়ে দিতে হবে।
ওসমান হাদি হত্যার প্রসঙ্গে তিনি আরও বলেন, হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ইনসাফ, ন্যায় ও মর্যাদার কথা বলেছিলেন। খুনি, তাদের সহযোগী ও চক্রান্তকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য তিনি বিএনপি সরকারের প্রতি আহবান জানান।
বক্তব্যের শেষ অংশে সারজিস আলম উল্লেখ করেন, দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি ইনসাফভিত্তিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে তারা কাজ করে যেতে চান। এ জন্য তিনি দেশবাসীর দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।