লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে গোপীনাথপুর এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার আগে রোববার (৬ সেপ্টেম্বর) ওই এলাকায় এই ধর্ষণে ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।
গ্রেপ্তার যুবকের নাম মো. ফয়সাল (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ফয়সাল পাশাপাশি বাড়ির বাসিন্দা। অভিযুক্ত যুবক বেশ কিছু দিন ধরে ওই শিশুকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ছয় সেপ্টেম্বর শিশুটির মা বাজারে যান। ঘরের গৃহকর্ত্রীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ফয়সাল বসতঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে আসামি তার মুখ চেপে ধরেন এবং এ ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেন।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, শিশুটির মা বাজার থেকে ফিরে ঘরে প্রবেশের সময় অভিযুক্ত ফয়সালকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আসামিকে পালিয়ে যেতে দেখেন। পরবর্তীতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা গোপীনাথপুর এলাকা থেকে ফয়সালকে আটক করে মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারের আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলাটির বিস্তারিত তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।