চট্টগ্রামে লুট অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার, তথ্যে দিলে পুরস্কার: র‍্যাব

চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁওস্থ র‍্যাব-৭ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

সাংবাদিক সম্মেলনে র‍্যাব-৭ অধিনায়ক বলেন, সরকার হারানো ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে ৮৪ ভাগ অস্ত্র উদ্ধার সম্ভব হলেও এখনো ১৬ শতাংশ অস্ত্র উদ্ধার করা বাকি রয়েছে। এ সব অস্ত্রের সন্ধান বা তথ্য যে কেউ র‍্যাবকে দিতে পারেন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত আর্থিক পুরস্কার দেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখা এবং বাকি অস্ত্রগুলো দ্রুততম সময়ে উদ্ধারে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।