ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁ’র ছেলে নামিম খাঁ (১৯) ও একই এলাকার কিসমত খাঁ’র ছেলে নিরব খাঁ (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ জানায়, শনিবার ভোরে নামিম ও নিরব সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, কোনো গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত স্থান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।