কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটন বিকশিত করার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার দুই নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার আমাদের ঐতিহ্য ও বৈশ্বিক পরিচয়ের একটি অন্যতম প্রধান ঠিকানা। কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করার লক্ষ্যে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কক্সবাজারের পর্যটন ও সার্বিক উন্নয়ন যেন থমকে যায়, সেজন্য দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে।
সকালে উখিয়ার দুই নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে প্রতিমন্ত্রী নিত্যদিনের পচনশীল বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় অন্যেদর মধ্যে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদ এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।