নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস তোলার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, এই কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় সাত মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের অবস্থান সুনির্দিষ্টভাবে নিশ্চিত করেন বাপেক্সের প্রকৌশলীরা। এর আগে চলতি বছরের গত ২৮ জুলাই এই কূপটির আনুষ্ঠানিক খনন কাজ শুরু করা হয়েছিলো।
বাপেক্স সূত্রে জানা যায়, বিশেষ ‘ডিরেকশনাল ওয়েল’ পদ্ধতিতে এবং ‘এমডব্লিউডি’ প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভের এক হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন চালানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা গেছে, ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার গভীরতার স্তরটিতে বিপুল পরিমাণ গ্যাসের অস্তিত্ব রয়েছে। বর্তমানে কূপটিতে ‘ডিএসটি’ (ডিল স্টেমিং টেস্ট) পরীক্ষা চলছে।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানান, কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ডিএসটি টেস্ট সম্পন্ন হলে কূপটিতে ঠিক কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে, তার চূড়ান্ত হিসাব পাওয়া যাবে।