নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামে একটি মাদ্রাসার মাঠে এই ঘটনা ঘটে।
নিহতের নাম কামাল হোসেন (৩৫)। আটকরা হলেন- তার সাবেক স্ত্রী তানিয়া ও শাশুড়ি করফুলের নেছা।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ-ছয় বছর আগে কামাল হোসেন ও তানিয়ার বিচ্ছেদ হয়। সম্প্রতি সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে আসেন কামাল। তবে সেখানে থাকার জায়গা না পেয়ে রাতের বেলা পাশের একটি মাদ্রাসার মাঠে ঘুমাতেন তিনি। এর আগে গত শনিবার কামালের সঙ্গে তার সাবেক শ্বশুরের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। সেই বিরোধের জেরে রোববার রাতে সাবেক স্ত্রী তানিয়া, শ্যালক আকাশ ও শাশুড়ি করফুলের নেছা মিলে ঘুমন্ত অবস্থায় কামালকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত শ্যালক আকাশকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।