কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত রেস্টুরেন্টের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলাটি রুজু করা হয়েছে।
মামলার এজাহারে রিসোর্টটির মালিক তানভীর সুলতান মিয়া, তাঁর ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং প্রতিষ্ঠানটির রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনসহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে অধিকতর তদন্তের স্বার্থে অভিযুক্ত চতুর্থ আসামির নাম এখনই প্রকাশ করেনি পুলিশ। এজাহারনামীয় আসামিদের মধ্যে রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে দুর্ঘটনার দিন সন্ধ্যায়ই গ্রেপ্তার করা হয়েছে।
সি আতিকুর রহমান বলেন, ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং এরই মধ্যে একজনকে আইনের আওতায় আনা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে জোর অভিযান চালানো হচ্ছে। নিবিড় তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
এর আগে শনিবার সকালে উখিয়ার ‘টুপটুপ রিসোর্টে’ আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ভেতর থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেন। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উদ্ধার হওয়া ১০টি মরদেহের পরিচয় শতভাগ নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান উখিয়া থানার ওসি। তিনি উল্লেখ করেন, ফরেনসিক প্রসেসিং ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিখুঁতভাবে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই মরদেহগুলো স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হবে।