লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল নামের এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে সংঘটিত এই হামলায় দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদল সভাপতি শাহেদ ও তার সহযোগীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা এ সময় হাসপাতালের জরুরি বিভাগের বিভিন্ন আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে একদল অস্ত্রধারী যুবক আচমকা সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে জুয়েলের ওপর হামলা চালায়। শাহেদ ও তার সহযোগীরা জুয়েলকে এলোপাথাড়ি মারধর করলে তিনি গুরুতর রক্তাক্ত হন। এ সময় জরুরি বিভাগে উপস্থিত চিকিৎসক ও রোগীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা সেখানে তাণ্ডব চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করে পালিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার অরূপ চন্দ্র পাল বলেন, হাসপাতালের মতো জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। পুরো হামলার চিত্র আমাদের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হলেও এখন পর্যন্ত হাসপাতালে হামলা বা মারামারির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে কিংবা তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।