মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রাতে টর্চ জ্বেলে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তার পরিবার। তবে রাকিবের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়নি কিশোরীর পরিবার।

কিশোরীর স্বজনদের অভিযোগ, এই বিরোধের জেরে একপর্যায়ে কিশোরীর পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। পড়াশোনা বন্ধ হলেও কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে রাকিব।

মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অশালীন গালিগালাজ করে। কিশোরীর পরিবার এর প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড বাগ্‌বিতণ্ডা শুরু হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘাতের রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বসতবাড়ি। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, মূলত মেয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।