ভ্যান উল্টে খাদে পড়ে মসলা বিক্রেতার ডুবে মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে ভ্যান উল্টে খাদে পড়ে পানিতে ডুবে এক মসলা বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুদরত শেখ (৪৬) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার মৃত মিজাই শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে বিভিন্ন হাট-বাজারে মসলা বিক্রি করতেন।

নিহতের পারিবার ও স্থানীয়রা জানায়, কুদরত শেখ কুটি পাঁচুরিয়া হাটে ভ্যানে করে মসলা নিয়ে যাচ্ছিলেন। এসময় চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে খাদের পানিতে পড়ে ডুবে যান তিনি। স্থানীয়রা খাদের পানির নিচ থেকে তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।