গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গ্রুপের দুইটি কারখানার শ্রমিকেরা।
রোববার রাত ১০টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালার এলাকার নোমান গ্রুপের ইয়াসমিন স্পিনিং ও রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাইদ এলাকার নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এসময় শ্রমিকেরা তাদের এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে যান চলাচল স্বাভাবিক হয়।
ইয়াসমিন স্পিনিং মিলের শ্রমিক উজ্জ্বল বলেন, প্রতি মাসের বেতন পরের মাসে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। আগস্ট মাসের বেতন সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ হলেও এখনো পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের কথাও বলছেন না। আমরা একাধিকবার তাদের কাছে গিয়েও বেতন পরিশোধে কোনো ধরনের আশ্বাস না পেয়ে আন্দোলন করতে বাধ্য হয়েছি। বেতন না পেয়ে আমরা ঘর ভাড়া, দোকানের ধার পরিশোধ করতে পারছি না।
একই অভিযোগ করেন নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকেরাও। কারখানার শ্রমিক সোহেল বলেন, আমাদের আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন পরিশোধে কোনো ধরনের উদ্যোগ নেননি। আমাদের সাথে কোনো ধরনের আলোচনাও করেননি।
গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের সহকারী পুলিশ সুপার আসম আবদুর নুর জানান, শ্রমিকদের সাথে কারখানার মালিক ও কর্মকর্তাদের আলোচনায় অবিলম্বে বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয়।