গাজীপুর পোল্ট্রি ফিড (মুরগির খাবার) তৈরির একটি কারখানার গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
রোববার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কোয়ালিটি ফিড নামে মুরগির খাবার তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাবউদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকার কোয়ালিটি ফিড নামে মুরগির খাবার তৈরির কারখানার গোডাউনে আগুন লাগে। এতে পোল্ট্রি ফিডের উপাদান সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং এ আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।