গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার ফেলে দেওয়া হয়েছে। 

সোমবার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার হরিনাচালা এলাকার একটি বাড়িতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম বায়েজিদ হোসেন (৬)। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া এলাকার খালেদ মাহমুদ রাসেলের ছেলে।

পু‌লিশ জানায়, শনিবার বিকেলে ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় বায়েজিদ। পরে তাকে খুঁজে না পেয়ে বাবা কোনাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর রোববার রাতে স্বজনরা ওই এলাকার ম‌জিবুর রহমান খানের পাঁচ তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ছাদের ওপর তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। ভোরে পু‌লিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জিএম‌পি কোনাবা‌ড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আশরাফ উদ্দিন জানান, এ বিষয়ে মামলা গ্রহণসহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তু‌তি চলছে।