মানিকগঞ্জে গৃহস্থর ঘরে আগুন, পুড়লো গবাদি পশু, ধান

মানিকগঞ্জে এক গৃহস্থের ঘরে আগুন লেগে গবাদি পশুসহ গোলার ধান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।

শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ধল্লা গ্রামের মো. হযরত আলীর বাড়িতে এ আগুন লাগে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে তিনটি গরু, দুটি ছাগল, ৬০ মণ ধানসহ নগদ কিছু টাকা পুড়ে গেছে। তাদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মধ্য রাতে গরুর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারনা করছে বাড়ির লোকজন। 

হযরতের স্ত্রী সালমা বেগম জানান, ভোর রাতের দিকে পাশের বাড়ির মানুষের চিৎকারে বাহিরে এসে দেখি গোয়ালঘর পুড়ছে। তাৎক্ষণিক আশপাশের লোকজন আগুন নোভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
 
খবর পেয়ে পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ফায়ার সার্ভিসের ধারনা, গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।