টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে৷ রোববার দুপুরে টাঙ্গাইল পৌরসভার কাগমারা পন্ডিতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহতরা হলেন ওই এলাকার আব্দুল ওহাবের মেয়ে ওয়াছেনা আক্তার (৫) এবং জাহাঙ্গীর আলমের ছেলে রিহান মিয়া (৪)। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, পরিবারের অজান্তে সকালে বাড়ির পিছনের পুকুরে ডুবে যায় শিশু দুইটি৷ পরিবারের লোকজন তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন৷  খোঁজাখুঁজি এক পর্যায়ে প্রথমে রিহান পুকুরের পানির ওপর ভেসে ওঠে৷ পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার জানান, নিহত শিশুরা পাশাপাশি বাড়িতে বসবাস করতো৷ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান,  খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।