নারায়ণগঞ্জে এলাকাবাসীর পিটুনিতে যুবকের মৃত্যু, ডাকাত দাবি

নারায়ণগঞ্জে এক প্রবাসীর ওপর হামলা করা তিন যুবককে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে এলাকাবাসী। এতে এক যুবক মারা গেছেন। এসময় পালিয়ে গেছে অন্যরা। এলাকাবাসীর দাবি, তারা ডাকাত।

সোমবার দুপুরের সিদ্ধিরগঞ্জের চার নম্বর ওয়ার্ডের আঁটিগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মিলন (৩৫)। তিনি গ্রামের কাশেম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন ডাকাত সদস্যদের নিয়ন্ত্রণ করতো। তিনি বিভিন্ন সময়ে এলাকায় হামলা চালিয়ে বাসাবাড়িতে ঢুকে স্বর্ণসহ নগদ অর্থ লুট করতো। গত ১৯ জানুয়ারি এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করে সে। রোববার তার দলের দুই সদস্যকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। সোমবার দুপুরে একটি মোটরসাইকেলে করে মিলনসহ তিন জন দুবাই প্রবাসী শাহজাহানের ওপর হামলা করে। এসময় বিক্ষুদ্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে তাকে পিটুনী দেয়। পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন।