সোনারগাঁয়ে সরকারি খাল দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খালে বালু ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একজন প্রভাবশালী বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। 

উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ছনপাড়া এলাকায় সেতুর পাশে সরকারি খাল এক সপ্তাহ ধরে বালু ফেলে ভরাট করলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধির ছত্রছায়ায় বালু ব্যবসায়ী নুরুজ্জামান ওরফে নুরু মিয়া খাল ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। খালটি ভরাটের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। 

এ বিষয় বালু ব্যবসায়ী নুরুজ্জামান খাল ভরাটের কথা স্বীকার করে বলেন, স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে বালু ভরাটের কাজ উদ্বোধন করেছি। কাজ করতে গিয়ে সরকারি খালে বালু পড়েছে। সরকারের প্রয়োজন হলে জায়গা ছেড়ে দেবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, কোনোভাবেই সরকারি খাল দখল করতে দেওয়া হবেনা। শিগগিরই সেখানে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।