পিকনিকের বাসে সোয়া লাখ ইয়াবা, চারজন গ্রেপ্তার

গাজীপুরের পুবাইলে কক্সবাজার থেকে আসা পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে এক লাখ পঁচিশ হাজার ইয়াবা উদ্ধার ক‌রে‌ছে গাজীপুর মহানগর গো‌য়েন্দা পুলিশ। এসময় চার মাদক কারবারি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে তারা। 

সোমবার বিকেলে গোপন খবরের ভি‌ত্তি‌তে অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের কামারগাও এলাকা থেকে ইয়াবা উদ্ধার ও মাদক কারবারি‌দের গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বহনকারী বাস‌টি‌ও জব্দ ক‌রা হ‌য়ে‌ছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন গাজীপুর মহানগরের টঙ্গী পুর্ব থানার গাজীপুরা এলাকা আবুল কা‌শে‌মের ছে‌লে শামীম হো‌সেন (৩৬), একই এলাকার মোহাম্মদ ইমান আলীর ছে‌লে ইমারত হো‌সেন (৩২), ময়মন‌সিংহের ত্রিশাল থানার ধানখোলা এলাকার মৃত আইয়ুব আলী খা‌নের ছে‌লে ইব্রাহীম খ‌লিল (৫৭) ও ময়মন‌সিং‌হের  ফুলবা‌ড়িয়া থানার দেবগ্রাম এলাকার মৃত আব্দুর রাজ্জা‌কের ছে‌লে। 

মঙ্গলবার দুপু‌রে গাজীপুর মহানগর গো‌য়েন্দা কার্যাল‌য়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন।

পুলিশ জানায়, স্থানীয় লোক‌দের বিনা খরচে কক্সবাজার বেড়া‌তে নি‌য়ে গিয়ে সেখান থেকে ওই বাসে ইয়াবার চালান নিয়ে গাজীপুরে নি‌য়ে আসতেন মাদক কারবারিরা। বিষয়‌টি গোপন খবরের ভি‌ত্তি‌তে জান‌তে পারে জিএম‌পি গো‌য়েন্দা। সোমবার টঙ্গীগামী মাদক বহনকারী ওই পিকনিকের বাস‌টি পুবাইল কামারগাও এলাকায় পৌছ‌লে তল্লাশি চালায় গো‌য়েন্দা পুলিশ । এসময় বাসের ভেতরে বিভিন্ন স্থানে লুকানো এক লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রে পুলিশ।

জিএম‌পির উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৭৫ লাখ টাকা। গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।