টাঙ্গাইলে আলাদা দুর্ঘটনায় নারী ও শিশু নিহত

টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর উত্তর পাড়া এবং বিকেলে ধোপাকান্দি ইউনিয়নের মুদিখানা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো- জেলার মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী সরস্বতী দেবনাথ (৫৭) এবং গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে মির্জাপুর উত্তর পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে মাদরাসা ছাত্র সিয়াম (৮)। 

সিয়াম টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশ জানায়, সকালে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়া গ্রামে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পিকআপের চাপায় গুরুতর আহত হয় সিয়াম। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

অপরদিকে বিকেলে গোপালপুর থেকে মধুপুর যাওয়ার পথে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মুদিখানা এলাকায় অটোরিকশা থেকে পড়ে যান সরস্বতী দেবনাথ। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গোপালপুর থানার অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।