ধর্ষণ মামলার আসামি হলেন মহিলা কলেজের সভাপতি

মামলা চলমান থাকার মধ্যেই টাঙ্গাইলের ভুয়াপুর লোকমান ফকির মহিলা কলেজে গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন একাধিক ধর্ষণ মামলার আসামি গোলাম কিবরিয়া বড় মনির।

সভাপতি হিসেবে নিয়োগের দুই সপ্তাহ পর গত শুক্রবার বড় মনিরের বিরুদ্ধে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণের মামলা করেছেন এক কলেজ ছাত্রী।

আগের ঘটনা নিষ্পত্তি হওয়ার আগেই মহিলা কলেজের সভাপতি নিয়োগ পাওয়ায় প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাত্তরকে বলেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের অনুরোধ ও ইচ্ছায় তার ভাইকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে দেখা করে এই নিয়োগের অনুরোধ করেছেন।

উপাচার্য বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অবগত ছিলাম না। পরে জেনেছি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা বিচারাধীন।’

1

শুক্রবারের ঘটনার পর তার নিয়োগ পুনর্বিবেচনার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এটি যদি প্রবণতা হয় সেক্ষেত্রে পুনর্বিবেচনার সুযোগ আছে। তবে এ নিয়ে তাড়াহুড়ো করা যাবে না।’

তাড়াহুড়ো করে কোনো কিছু করলে বড় মনিরের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন উপাচার্য।

গত ১১ মার্চ লোকমান ফকির মহিলা কলেজে গভর্নিং বডির সভাপতি পদে ৬ মাসের জন্য এডহক কমিটিতে নিয়োগ পান বড় মনির।