সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক ও ইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাপুর সড়কে দীর্ঘ যানজটের কবলে পড়েছেন ঈদযাত্রীরা। তাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে বাইপাইল মহাসড়ক। ওই সড়কগুলোর বিভিন্ন অংশ মিলিয়ে প্রায় ২০ কিলোমিটার যানজট থাকলেও পুলিশের দাবি কোথাও কোথা গাড়ির ধীরগতি রয়েছে।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কগুলোতে এমন চিত্র দেখা গেছে।
কয়েকজন গাড়িচালক জানান, গাবতলীর পর থেকে হেমায়েতপুর, সাভার, নবীনগর কিছুটা যানজট পেয়েছি। কিন্তু বাইপাইলে এসে দীর্ঘ সময় বসে আছি।
এদিকে সাভার, আশুলিয়ায় বিভিন্ন তৈরি পোশাক কারখানা ছুটি দেওয়ায় ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়ে গেছে ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে। মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে চলছে যানবাহন। নবীনগর-বাইপাইল মহাসড়কের বিভিন্ন ক্রসিং বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার পরও যানবাহনের বাড়তি চাপে থমকে গেছে যানবাহনের গতি।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের কারণে বাইপাইল থেকে চন্দ্রা অভিমুখী সড়ক সরু হয়ে পড়ায় থেমে থেমে সেখানেও তৈরি হচ্ছে যানজট।
যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঢাকা জেলা পুলিশ, ট্রাফিক, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ ছাড়াও সড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানা পুলিশের এস আই বাবুল আক্তার জানান, সড়কে বাস ও যাত্রীর সংখ্যা বাড়ায় ধীরগতি সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘ যানজট নেই। আমরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছি।