পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ কোটি টাকা টোল আদায়

দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।

শনিবার পদ্মা সেতুর ব্যবস্থাপক (টোল) মো. আহমেদ আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। যা থেকে সর্বমোট টোল আদায় হয়েছে চার কোটি ৮২ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা।

এর মধ্যে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয় ২৮ হাজার ৮৯৬টি যানবাহন। টোল আদায় হয়েছে দুই কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের বাহনে টোল রয়েছে এক লাখ ২০ হাজার ৩৫০ টাকা।

চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে এক হাজার ২০০ টাকা। মোট আয় দুই কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ১০০ টাকা।

জাজিরা প্রান্ত থেকে সেতু পার হয়েছে ১৫ হাজার ১৩৭টি যানবাহন। টোল আদায় হয়েছে দুই কোটি সাত লাখ ৬৫ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের যানবাহন বাবদ এক লাখ ২০ হাজার ৮০০ টাকাসহ মোট আয় দুই কোটি আট লাখ ৮৬ হাজার ৩০০ টাকা।

ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস থাকায় সেদিন রাত থেকে বাড়ি ফিরতে শুরু করে মানুষ। এ কারণে পদ্মা সেতুতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন ছিলো ঘরমুখো মানুষের ঢল।