ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান (৫০) ও হুমায়ুন খান (৪৫)।
আহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। চ্যানেল টোয়েন্টিফোরের গাড়িচালক বলে জানা গেছে। বাড়ি নোয়াখালী জেলায়।
নিহতদের পরিবার জানায়, রবিউল ও হুমায়ুন ঢাকায় জুতার ব্যবসা করেন। ঈদ উপলক্ষে সকালে তারা তিন জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার বলেন, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।