ঢাকার কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটের একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম রাজু জানান, মার্কেটের একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
স্থানীয় রিফাত জানান, মায়ের বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারীরা মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন।
কেরানীগঞ্জে উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, বিস্ফোরণে ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মরদহে উদ্ধার করা হয়েছে। তবে, তৎক্ষণাৎ তাদের পরিচয় জানা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান গণমাধ্যমকে জানান, সড়কের পাশে থাকা হোটেলের সিলিন্ডারের সাথে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লাগলে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তিন জন নিহতের সংবাদ পাওয়া গেছে।