নারায়ণগঞ্জে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালবেলা পত্রিকার এক সাংবাদিকের বাড়িতে একদল দুর্বৃত্ত গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল পাঁচ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
দৈনিকটির সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান, গত ১৬ নভেম্বর বাড়ির গাছ থেকে জোর করে ডাব পাড়তে যায় স্থানীয় কাজল, রাব্বি, রকিসহ বেশ কয়েকজন। বাধা দিলে তারা ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে দেয়। এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ বাদি হয়ে থানায় মামলা করেন।
এদিন মামলার আসামি রাব্বি ও রকি নারায়ণগঞ্জ আদালতে জামিন চায়। রকির জামিন হলেও নাকচ হয় রাব্বির। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
সাংবাদিকের দাবি, জামিন না পেয়ে এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশে ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই গুলি জানালা ছিদ্র হয়ে ঘরে ঢোকে। এতে অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শনে করে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। রূপগঞ্জ থানার ওসিও সঙ্গে আছেন। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।