মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক রাজা গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ আমান জানান, বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্ট মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলাগুলো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট থেকে রাজা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন চেষ্টার পর তার অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ। পরে সংবাদের ভিত্তিতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আব্দুর রাজ্জাক রাজাকে মানিকগঞ্জ সদর থানা হাজত খানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।