স্টুডিওতে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

গাজীপুরে স্টুডিওতে ছবি তুলতে যাওয়া এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্টুডিওর এক কর্মচারীকে আটক করা হয়েছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার স্টুডিও ঝিলিকে এ ঘটনা ঘটে।

যৌন হয়রানির শিকার ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়েন।

অভিযুক্ত স্টুডিওর কর্মচারী হাসান (২৮) পটুয়াখালীর নৌমালা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর বাবা জানান, রোববার সন্ধ্যায় মাদ্রাসার প্রয়োজনে তার মেয়ে বাসার পাশের ওই স্টুডিওতে ছবি তুলতে যায়। আধা ঘণ্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি নিজেই ওই স্টুডিওতে যান। তখন স্টুডিওতে তিনি অভিযুক্তকে যৌন হয়রানি করতে দেখেন।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে।

বাসন থানার এসআই মোহাম্মদ আলী জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।