ঈদ যাত্রায় ভোর থেকেই গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া অন্য অংশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ও স্বাভাবিক হতে শুরু করেছে।
শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে গাড়ির সংখ্যা বেড়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী , চেরাগ আলী, গাজীপুরা পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীরগতিতে। এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায়ও কিছুটা অস্বস্তি রয়েছে।
তবে সেখানেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি অনেকটা অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী ওঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে চান্দনা চৌরাস্তায় জামালপুর, শেরপুরসহ বিভিন্ন রুটে এবং চন্দ্রা মোড়ে রংপুর, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
ঈদকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ কাজ করছে। একই সঙ্গে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রীদের চাপ আরও বাড়বে।