মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘খোঁয়াজপুর-টেকেরহাট’ এলাকার জামাল শিকদারের মেয়ে এবং খোঁয়াজপুর-টেকেরহাট সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী।
এদিকে এ ঘটনায় সিহাব ও মামুন নামে দুই জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সিহাব মাদবর নিহত আয়শার পূর্ব পরিচিত ও কলেজ বন্ধু।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, বিকেলে ইজিবাইকযোগে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজবাড়ি থেকে শহরের পুরান বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথ থেকে আয়শার বন্ধু সিহাব মাদবর ও মামুন খান নামে দুই যাত্রী ওই ইজিবাইকে ওঠে। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আসলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে পড়ে যায় এবং পরে আহত অবস্থা আয়শাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আসে সদর মডেল থানা পুলিশ।
বিষয়টিতে অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিহাব ও মামুনকে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ওসি মো. আদিল হোসেন জানান, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।