শরীয়তপুরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও অন্তত ২০টি ককটেলের বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন ছয় জন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে জেলার পদ্মা সেতু দক্ষিণ থানার পশ্চিম নাওডোবা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ফকিরের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এক নম্বর ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলাম রাজিব ফকিরের নেতৃত্বাধীন লতি ফকিরকান্দি গ্রুপের সঙ্গে একই এলাকার ফয়জুল মাদবর, প্যানেল চেয়ারম্যান কাশেম বেপারী ও শহর আলী বেপারীর নেতৃত্বাধীন অপর গ্রুপের দীর্ঘ দিনের বিরোধ চলেছে।
মসজিদ নির্মাণের উদ্দেশে ফয়জুল করিম মাদবর এদিন বিকেলে লতিফ ফকিরের বাড়ির সামনে এলাকাবাসীকে নিয়ে বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অনেকেই মতামত প্রকাশ করলেও মেম্বার রাজিব ফকির ও তার পক্ষ নির্মাণকাজের বিরোধিতা করেন। সংশ্লিষ্ট জমিটি বিবিএ কর্তৃপক্ষের আওতায় থাকায় বিতর্কের সৃষ্টি হয়।
এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাজিব ফকির কাশেম বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনার জেরে ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ২০ থেকে ২২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হন।
স্থানীয়দের ভাষ্য, বিবাদমান গ্রুপ দুটির সংঘর্ষের প্রস্তুতি আগে থেকেই ছিলো। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ ওই ককটেলের উৎস খুঁজছে। আর দেশি অস্ত্র উদ্ধারের জন্য কাজ শুরু করে দিয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।