টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে জেলার সখিপুর উপজেলার হুরিয়া ইউনিয়নের কালমেঘার বেলতলীতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবির মিয়া (১৬), কালিদাস বল্লা চালা গ্রামের মাইন উদ্দিনের ছেলে লিখন (১৫) ও ফুলঝুরি এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে সাব্বির(১৫)। আহতরা হলো- বহুরিয়া চতল বাইদ গ্রামের হান্নান মিয়ার ছেলে মাজিদুল (১৯) ও কালমেঘা গ্রামের রাজু মিয়ার ছেলে সুজন (১৬)। হতাহতরা উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জাননা, মুমূর্ষু অবস্থায় দুই মোটরসাইকেলের পাঁচ জন আরোহীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য চার জনকে মুমূর্ষু অবস্থায় ঢামেকে নেওয়ার পথে লিখন ও সাব্বির নামের আরও দুই কিশোরের মৃত্যু হয়।  

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু বকর সিদ্দিক বলেন, ওই দুর্ঘটনায় হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢামেকে পাঠানো হয়। শুনেছি রাস্তায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।