ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে মাঝপদ্মায় আটকে থাকা ফেরি বাইগার ও খান জাহান আলী নিরাপদেই ঘাটে পৌঁছেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবদুস সালাম এসব তথ্য জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি জানায়, শনিবার ভোর থেকে পদ্মা অববাহিকায় হঠাৎ ঘন কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশার ঘনত্ব এতোটাই বেড়ে যায় যে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকে পড়ে খান জাহান আলী ও বাইগার নামে দুটি ফেরি। এ ছাড়া আরও ১১টি ফেরিকে উভয় পাশের ঘাটগুলোতে আটকে রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই শতাধিক। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় শীতে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা চরম ভোগান্তির শিকার হন।
সকাল ১০টার দিকে কুয়াশা কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এরপর আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।