ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেল জব্দ, মানিকগঞ্জে বেশি দামে বিক্রি, জরিমানা

দেশের দুই জেলায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা রোধে অভিযান চালিয়েছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুত করা পাঁচ হাজার লিটার ডিজেল ও মবিল জব্দ করা হয়েছে। অন্যদিকে, মানিকগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আলাদা এই দুই অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার দুপুরে এই অভিযানগুলো পরিচালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ হাজার লিটার তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ বাজারে বুধবার সন্ধ্যায় এক অভিযানে পাঁচ হাজার লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে ‘সেলিম এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ৩২টি ড্রামে মজুত করা তেল পাওয়া যায়, যার মধ্যে ২৮ ড্রাম ডিজেল ও চার ড্রাম মবিল ছিলো। অবৈধ মজুতের দায়ে প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. ফয়সালকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সাহেল আহমেদ জানান, জনস্বার্থে অবৈধ মজুতবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জে বেশি দামে তেল বিক্রি, জরিমানা ৫৫ হাজার

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া ও বালিরটেক বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, কাফাটিয়া বাজারের মেসার্স আলী এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বালিরটেক বাজারের দেবনাথ ট্রেডার্সকে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উভয় জেলার কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করতে তেল মজুত করা বা নির্ধারিত দামের চেয়ে বেশি রাখা আইনত দণ্ডনীয়। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি ও ঝটিকা অভিযান জোরদার করা হবে। জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।