‘১৭ বছর শুধু উন্নয়নের বুলিই শোনা গেছে, বাস্তবে কাজ হয়নি’

গত ১৭ বছর ধরে দেশে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান কাজ হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের তেলের সঙ্কট নেই। সরকার ইতিমধ্যে আগামী তিন মাসের আগাম পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

তবে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া নতুন পদক্ষেপগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ছয়টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজার পরিদর্শনের সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।